আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিপ্লবীদের কয়েকজনের সরকারে যোগ দেওয়াই ছিল সবচেয়ে বড় ভুল। তার মতে, বিপ্লব সফল হওয়ার পর বিপ্লবীদের উচিত ছিল সরকারে অংশ না নিয়ে বাইরে থেকে ‘জুলাই দর্শন’ প্রতিষ্ঠা করা এবং একটি বিপ্লবী রাজনৈতিক শক্তি গড়ে তোলা। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে (আইইবি) ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রকৌশলীদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, আজকে ফ্যাসিবাদের দোসররা যে স্পর্ধা দেখাচ্ছে, তা সম্ভব হয়েছে বিপ্লবীদের ভুলের কারণে। তিনি দাবি করেন, বিপ্লবীদের সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্তটি ছিল ভুল, যা তিনি প্রকাশ্যে বলছেন। কিউবার বিপ্লবের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে ফিদেল কাস্ত্রো, চে গেভারা ও রাউল কাস্ত্রো বাতিস্তা সরকারকে উৎখাত করার পর বিপ্লবী সরকার গঠন করেছিলেন। কিন্তু বাংলাদেশে বিপ্লবীরা বিদ্যমান রাষ্ট্রব্যবস্থার একটি সরকারের অংশ হয়ে গিয়েছেন। তিনি বলেন, ক্ষমতার ভেতরে গেলে যেমন সফলতার কৃতিত্ব নিতে হয়, তেমনি ব্যর্থতার দায়ও নিতে হয়।
তবে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে মাহমুদুর রহমান শতভাগ সঠিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, তার সব কর্মকাণ্ড বা বক্তব্যের সঙ্গে একমত না হলেও, ওই মুহূর্তে দেশ পরিচালনার জন্য তার বিকল্প কেউ ছিল না।
তিনি জানান, ২০২৫ সালের শুরুতেই তিনি ‘জুলাই বিপ্লবের দর্শন’ নিয়ে একটি নিবন্ধ লিখেছিলেন, কারণ বিপ্লবীদের নিজেদের পক্ষ থেকে একটি সুস্পষ্ট দর্শন আসা উচিত ছিল, যা আজও হয়নি। তিনি বলেন, এটি কেবল সরকার পরিবর্তনের আন্দোলন ছিল না, বরং রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের আন্দোলন। বিপ্লব কখনো ব্যর্থ হয় না, এটি একটি চলমান প্রক্রিয়া বলে তিনি মন্তব্য করেন।
নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তিনি কোনো নির্দিষ্ট দলের পক্ষ বা বিপক্ষের মানুষ নন; তিনি জুলাই শহীদ ও যোদ্ধাদের পক্ষের মানুষ। ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে, কোনো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন সম্ভব নয়, এর জন্য বিপ্লব প্রয়োজন। তার সেই ধারণা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাস্তবে রূপ নিয়েছে বলে তিনি দাবি করেন।
জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই বিপ্লব ছিল একটি নিরস্ত্র বিপ্লব, যা সম্পূর্ণ দেশীয় এবং এর কোনো একক নেতৃত্ব ছিল না। এই তিনটি বৈশিষ্ট্য ধরে রাখতে পারলে বিপ্লব কখনো পরাজিত হবে না। সবশেষে তিনি নিজের আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

