জাতিসংঘ সফর সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের জন্য এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ব্যতিক্রমী। প্রায় চার দশক পর আবারও বাংলাদেশের কোনো কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ৮১তম অধিবেশনের সভাপতির আসনে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সময়ে সরকারপ্রধান হিসেবে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই দুই ব্যক্তিত্বের উপস্থিতি বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জন্য একটি অনন্য কূটনৈতিক মুহূর্ত তৈরি করেছে।

এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তার কর্মসূচিতে বড় ধরনের কাটছাঁট করেছেন। আগে পরিকল্পনা অনুযায়ী জাতিসংঘ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো যাওয়ার কথা থাকলেও, এখন তা বাতিল করা হয়েছে। রাষ্ট্রীয় ব্যয় কমানো এবং দীর্ঘ সময় দেশের বাইরে না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। এর ফলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর মূলত নিউইয়র্ককেন্দ্রিক হচ্ছে। ওয়াশিংটন ডিসিতে কিছু কর্মসূচি থাকলেও সফরের মূল ফোকাস থাকছে জাতিসংঘকে ঘিরেই।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর এটি তারেক রহমানের দ্বিতীয় বিদেশ সফর। আগামী ২১ সেপ্টেম্বর তিনি দেশ ছাড়বেন। ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে তিনি অংশ নেবেন। এই আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত থাকবেন। এরপর ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন বাংলাদেশের ফার্স্টলেডি জুবাইদা রহমান।

সফরসূচি সংক্ষিপ্ত করার পাশাপাশি সফরসঙ্গীর বহরও অনেক ছোট করা হচ্ছে। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ৩০ জনের নিচে রাখার পরিকল্পনা করা হয়েছে। যেখানে আগের সরকারগুলোর আমলে এই সংখ্যা অনেক বেশি ছিল, সেখানে বর্তমান সরকার অত্যন্ত মিতব্যয়ী হওয়ার উদ্যোগ নিয়েছে। নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যক্তিদের নিয়ে তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

জাতিসংঘের এই অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন। গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে গড়ে ওঠা নতুন বাংলাদেশের লক্ষ্য, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং বৈশ্বিক সংকট মোকাবিলার মতো বিষয়গুলো তার ভাষণে গুরুত্ব পাবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা কামনা করবেন তিনি। সাইডলাইনে রোহিঙ্গা ইস্যুতে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৮০ জন সফরসঙ্গী নিউইয়র্কে গিয়েছিলেন।

২০১৯ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯২ জনে।২০২৪ সালে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীর সংখ্যা পুস্তিকা অনুযায়ী ছিল ৫৭ জন।