প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও এমপি জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের নৈরাজ্যের রাজনীতির বিপরীতে বর্তমান সরকার একটি কার্যকর জাতীয় সংসদ তৈরি করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী কর্তৃক রোপণকৃত গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সংসদে এখন বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ ও অধিকার পাচ্ছে। তারা নিয়মিতভাবে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিচ্ছে এবং প্রধানমন্ত্রীসহ পুরো সরকারকে গঠনমূলক ও ন্যায্য-অন্যায্য সমালোচনা করছে। মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংস্কারের এই ধারায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদকে কার্যকর করেছেন বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ ও প্রশাসনের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিশ্বাস করি সংসদ যদি রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকে, তবে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না। বিগত সরকার পুলিশের ইউনিফর্মকে তাদের রাজনৈতিক বাহিনী হিসেবে ব্যবহার করে পুলিশকে দুর্নামের ভাগীদার করেছিল। গুম, খুন ও দুর্নীতির অভিযোগে আজ বেনজিরের মতো ব্যক্তিরা পালিয়ে বেড়াচ্ছে, যা একজন কনস্টেবলের জন্যও লজ্জার। আমরা পুলিশকে তাদের ইজ্জত ও মর্যাদা ফিরিয়ে দিতে চাই।
তিনি আরও জানান, এইচ টি ইমামের নেতৃত্বে আমলাতন্ত্রকে দলবাজ বানিয়ে ফেলেছিল বিগত সরকার, যা থেকে বের হয়ে আমরা আমলাতন্ত্রকে নিরপেক্ষ করার চেষ্টা করছি। এছাড়া দেশের ব্যাংকগুলোতে ডাকাতির মাধ্যমে আমানতকারীদের টাকা লুট করা হয়েছিল। বর্তমান সরকার সেই ব্যাংকগুলোকে আবারও নিজের পায়ে দাঁড় করানোর উদ্যোগ নিয়েছে, যাতে আমানতকারীদের টাকা নিরাপদ থাকে এবং প্রকৃত শিল্প উদ্যোক্তারা ঋণ পেতে পারেন।
গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং সদস্য সচিব আল-আমিন মোল্লাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩২

