শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে এবার সরকারি প্রতিষ্ঠানে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার। জন্মগতভাবে দুই হাত না থাকা এই তরুণী গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে নিজের নতুন কর্মস্থলে যোগদান করেছেন। কঠোর পরিশ্রম ও প্রবল ইচ্ছাশক্তির জোরে তিনি জীবনের সব প্রতিকূলতা জয় করেছেন।
আয়েশার এই সাফল্যের পথটি সহজ ছিল না। শৈশব থেকেই অভাব-অনটন আর শারীরিক সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। বাবার আকস্মিক মৃত্যুর পর পুরো পরিবার চরম অনিশ্চয়তায় পড়লেও আয়েশা দমে যাননি। দুই হাত না থাকলেও পায়ের আঙুলের সাহায্যেই তিনি রান্নাবান্না, মোবাইল ও কম্পিউটার চালানো, এমনকি ইট ভাঙার মতো অত্যন্ত কঠিন কাজও নিখুঁতভাবে করতে পারেন।
পড়াশোনার ক্ষেত্রেও আয়েশার অদম্য মেধার স্বাক্ষর রয়েছে। পায়ের আঙুলে কলম ধরে লিখে তিনি ২০১২ সালে এসএসসি এবং ২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর গাইবান্ধা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার একমাত্র স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়িয়ে সংগ্রামী মায়ের মুখে হাসি ফোটানো। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তার এই জীবনসংগ্রামের খবর প্রকাশিত হলে তা অনেকের দৃষ্টি আকর্ষণ করে এবং দ্রুত তার চাকরির ব্যবস্থা হয়।
আয়েশার এই সাফল্যে স্থানীয়দের মাঝে বইছে আনন্দের হাওয়া। সাঘাটার ভরতখালী এলাকার গণমাধ্যমকর্মী মোস্তাফিজুর রহমান ফিলিপস বলেন, শারীরিক অক্ষমতা মানুষকে থামাতে পারে না। আর অদম্য ইচ্ছাশক্তি যে মানুষকে শিখরে পৌঁছে দিতে পারে, আয়েশা তার জ্বলন্ত প্রমাণ। উদয়ন মহিলা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম সোহেল জানান, হাত না থাকলেও আয়েশার একাগ্রতা ও ইচ্ছাশক্তিই তাকে সফলতা পেতে সবচেয়ে বড় সহায়তা করেছে।
নতুন চাকরিতে যোগ দিয়ে আয়েশা তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল কবীর জানান, আয়েশার বিষয়টি জানার পর থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার খোঁজখবর রাখা হচ্ছিল। তিনি আয়েশার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। নিজের এই অর্জনের মাধ্যমে আয়েশা এখন সমাজের হাজারো মানুষের কাছে এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছেন।

