নেপালে বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

নেপালে ভয়াবহ বন্যার পর বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গত ১০ সেপ্টেম্বর তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের জন্য শোকপ্রস্তাব গ্রহণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

চিঠিতে বালেন্দ্র শাহ উল্লেখ করেন, গত ২৬ আগস্ট আকস্মিক বন্যায় নেপালে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগে দেশটির ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষের জীবিকা ও বিভিন্ন সম্প্রদায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কঠিন সময়ে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা নেপালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে, এই অর্থ বন্যার পর পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবন পুনর্গঠনে বিশেষ কাজে আসবে।

নেপালের প্রধানমন্ত্রী চিঠিতে আরও বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণের উদ্যোগটি নেপালের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিক সহমর্মিতা ও সংহতির এক অনন্য প্রকাশ। তিনি বাংলাদেশকে শুধুমাত্র ঘনিষ্ঠ প্রতিবেশীই নয়, বরং একজন প্রিয় বন্ধু হিসেবেও অভিহিত করেন। বালেন্দ্র শাহ জানান, দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান শক্তিশালী সম্পর্ক এবং দুর্যোগের সময়ে বাংলাদেশের এই সহযোগিতা নেপালের মানুষের হৃদয়ে সবসময় স্মরণীয় হয়ে থাকবে।