প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৪১। রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ফরহানা ইয়াসমিন। কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ১৬ সেপ্টেম্বর থেকে তিনি এই নতুন দায়িত্ব পালন শুরু করেছেন। এর আগে গত ২৬ জুলাই থেকে তিনি কলেজটির অধ্যক্ষের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।
একই সঙ্গে, কলেজের অধ্যক্ষ আমিনুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক, আর্থিক ও রাজনৈতিক অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় গভর্নিং বডি তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পাশাপাশি এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
অধ্যাপক ফরহানা ইয়াসমিনকে নতুন দায়িত্ব দেওয়ায় কলেজের শিক্ষক ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষকরা।
কলেজ সংশ্লিষ্টদের প্রত্যাশা, অধ্যাপক ফরহানা ইয়াসমিনের নেতৃত্বে মোহাম্মদপুর মহিলা কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। তারা মনে করছেন, তার এই দায়িত্বগ্রহণের ফলে কলেজের একাডেমিক পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি প্রশাসনিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরে আসবে।

