দেশের শিক্ষাব্যবস্থায় যেকোনো মূল্যে ইতিবাচক পরিবর্তন আনতে চায় সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার কেবল কথার ফুলঝুরি দিয়ে নয়, বরং শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও যোগ করেন, সরকারের বাজেট ঘাটতি নেই এবং শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত ও যুগোপযোগী করতে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার তার সবই গ্রহণ করবে। শিক্ষাব্যবস্থাকে সমৃদ্ধ করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৩৭টি কলেজের ৫৭ জন মেধাবী শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

