মাদক ও হানি ট্র্যাপের অভিযোগে কুমিল্লায় আটক ‘লেডি ডন’ লাইলি

কুমিল্লার দেবিদ্বারের আলোচিত ‘লেডি ডন খ্যাত’ লাইলি আক্তারকে মাদকসহ আটক করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে হানি ট্র্যাপ বা ফাঁদে ফেলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং মাদক ব্যবসার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার পৌরসদরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এর আগে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে লাইলিকে কয়েকদিন কারাগারে থাকতে হয়েছিল। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি আবারও একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে পুলিশের দাবি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাইলির বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া, লাইলির অন্যান্য সহযোগীদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।