প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১০। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সতর্ক করে বলেছেন, দেশের বিদ্যমান রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন না করা হলে যে দল বা ব্যক্তিই ক্ষমতায় আসুক না কেন, সময়ের ব্যবধানে তারা স্বৈরাশাসকে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে। তিনি বলেন, বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা কার্যকর রয়েছে, তা এমন যে ক্ষমতায় গেলেই ক্ষমতার অপব্যবহারের প্রবণতা তৈরি হয়। তার মতে, ক্ষমতায় যাওয়ার পাঁচ-দশ বছর পার হলেই যে কেউ হাসিনায় পরিণত হতে পারে।
বৃহস্পতিবার শরীয়তপুর পৌরসভার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখা আয়োজিত এই সমাবেশে গণভোটের রায় বাস্তবায়নের দাবি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো বিষয়গুলো তুলে ধরা হয়।
রাষ্ট্রপতির বর্তমান পদমর্যাদাকে কেবল আলংকারিক বা ‘ঠুঁটো জগন্নাথ’ হিসেবে অভিহিত করে মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের মূল স্পিরিট অনুযায়ী রাষ্ট্রপতির হাতে বাস্তব প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দেওয়া প্রয়োজন। এছাড়া তিনি বিচার বিভাগকে প্রধানমন্ত্রীর একক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার দাবি জানান। তিনি বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করা জরুরি, যাতে দলীয় প্রভাবমুক্ত বিচারব্যবস্থা নিশ্চিত হয় এবং কোনো বিচারপতি যেন রাজনৈতিক স্বার্থে জনগণের ভাগ্য নিয়ে খেলা করতে না পারেন।
গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন, যদি অন্যান্য রাজনৈতিক দল এই দাবি থেকে সরে আসে, তবে বাংলাদেশ খেলাফত মজলিস একাই জনগণের দ্বারে দ্বারে গিয়ে এই দাবি আদায় করবে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না।
বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমেদ ওসমানীর সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূর হোসাইন নূরানীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

