একই জমিতে বেগুন ও লাউ চাষ করে সফল সিরাজগঞ্জের লিটন

সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুড়িয়া গ্রামের কৃষক লিটন মণ্ডল একই জমিতে 'নয়ন কাজল' জাতের বেগুন ও সাথি ফসল হিসেবে লাউ চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন। রাসায়নিক কীটনাশক ও অতিরিক্ত সার এড়িয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদ করায় তিনি স্বল্প খরচে ভালো ফলন পাচ্ছেন। তাঁর এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে এলাকার অন্য কৃষকরাও একই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়ে উঠছেন।

লিটনের ৪০ শতক জমিতে সারি সারি বেগুনগাছ দেখা যায়, যার ডালে ঝুলছে উজ্জ্বল রঙের 'নয়ন কাজল' বেগুন। ফসল উৎপাদনে তিনি রাসায়নিকের পরিবর্তে ভার্মি কম্পোস্টসহ বিভিন্ন জৈব সার ব্যবহার করেছেন। বীজ বপন, মাচা তৈরি ও পরিচর্যাসহ এই মৌসুমে তাঁর মোট খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা।

লিটন মণ্ডল জানান, বাজারে 'নয়ন কাজল' জাতের বেগুনের ব্যাপক চাহিদা রয়েছে। জমি থেকে প্রতি সপ্তাহে প্রায় ৮ থেকে ১০ মণ বেগুন সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে, যা থেকে প্রতি সপ্তাহে ১৫ হাজার টাকা আয় আসে। সব খরচ বাদ দিয়ে এ মৌসুমে তিনি ৪ থেকে ৫ লাখ টাকা লাভের আশা করছেন।

বেগুনের পাশাপাশি জমির আইল ও সীমানায় 'হাজারি লাউ' চাষ করেছেন তিনি। এর জন্য আলাদা কোনো বড় খরচ করতে হয়নি। বেগুনগাছের সাথে লাউগাছগুলো বেড়ে ওঠায় তিনি বাড়তি উৎপাদন ও আয় পাচ্ছেন। স্থানীয় কৃষক রফিক, সোবাহান ও সুরুতজামান লিটনের এই সাফল্য দেখে উৎসাহিত হয়েছেন এবং আগামী মৌসুমে তারাও একইভাবে চাষাবাদের পরিকল্পনা করছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, জৈব পদ্ধতিতে বেগুনের সাথে সাথি ফসল হিসেবে লাউ চাষ লিটনের একটি চমৎকার উদ্যোগ। তাকে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাণিজ্যিক কৃষিতে এগিয়ে নিতে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। সচেতন মহলের মতে, কৃষি বিভাগের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ পেলে কৃষকদের আগ্রহ আরও বাড়বে, যা নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে।