লাইফ সাপোর্টে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক হাসান আল বান্না মেঘমল্লার বসুর লাইফ সাপোর্টে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার তেমন উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। এরপর পরিচিত ব্যক্তিরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার পর বিষক্রিয়ার আশঙ্কায় চিকিৎসকেরা তার পাকস্থলী ওয়াশ (পাকস্থলী ধৌত) করেছিলেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান মঙ্গলবার জানান, চিকিৎসকদের পরামর্শে শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে বিকেলের দিকে আইসিইউতে নেওয়া হয়।