জাতীয় সংসদে সারসংকট নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক

জাতীয় সংসদে সারসংকট নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হয়েছে। বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমান কার্য প্রণালিবিধির ৬৮ বিধিতে নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে সারসংকটের কারণে কৃষিকাজ ব্যাহত হওয়া এবং খাদ্যসংকটের ঝুঁকির কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, সরকার সার বিতরণ ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং সার কারখানাগুলো বন্ধ রেখে বেশি দামে সার কেনা হচ্ছে। সরকার মজুত থাকার দাবি করলেও তা কৃষকের হাতে পৌঁছাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন যে, সারের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এবং ডিলার নিয়োগে বাণিজ্য চলছে। তিনি ২০০১–২০০৬ সালের পরিস্থিতির সাথে এর তুলনা করেন। অপর সংসদ সদস্য মাহবুবুল আলম কুড়িগ্রামের নাগেশ্বরী ও রৌমারীতে কৃষকদের গুদাম লুটের ঘটনা উল্লেখ করে বলেন, সরকারি ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই কৃষকদের কালোবাজারির দ্বারস্থ হতে হচ্ছে।

জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্বৈরাচার সরকারের সময় নিয়োগ পাওয়া অনেক ডিলার বর্তমানে পলাতক এবং প্রায় ৩ হাজার ৭৫৯টি ডিলার পয়েন্ট শূন্য রয়েছে। সরকার প্রত্যেক ইউনিয়নে নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। তিনি আরও জানান, পার্শ্ববর্তী দেশগুলোতে সারের দাম বেশি হওয়ায় পাচারের প্রবণতা রয়েছে, যা রোধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন জানান, সার ব্যবস্থাপনা উন্নত করতে ৬৪টি জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে। তিনি বলেন, আবার সেই ২০০১–২০০৬ সালের সিনড্রোম (লক্ষণ)। আবেদনের সময় শেষ হওয়ার আগেই অহেতুক অনিয়মের অভিযোগ তোলা অবান্তর। সুলতান সালাউদ্দিন বলেন, পত্রপত্রিকায় আসা সারসংক্রান্ত ২০-২২টি বিশেষ এলাকার ছোটখাটো সমস্যাগুলোকে ভিত্তি করে অসন্তোষ ছড়ানোর অপচেষ্টা চলছে। তিনি আরও জানান, বর্তমানে দেশে ৫১ দশমিক ৭১ লাখ মেট্রিক টন সার রয়েছে, যা চাহিদার তুলনায় ১৫ দশমিক ৮৪ লাখ মেট্রিক টন উদ্বৃত্ত। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরিফুল আলম শিল্প মন্ত্রণালয়ের তথ্য দিয়ে বলেন, বিসিআইসির সাতটি কারখানার মধ্যে তিনটি উৎপাদনে আছে এবং চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড গ্যাস পাওয়ার পর উৎপাদন শুরুর প্রক্রিয়ায় রয়েছে। তিনি স্বীকার করেন যে ব্যবস্থাপনা ত্রুটি থাকতে পারে, তবে সার সংকট তীব্র নয়।