জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি যদি ভোটের নেগোসিয়েশনের জন্য খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চিন্তাভাবনা করে, তবে তা হিতে বিপরীত হবে। তিনি স্পষ্ট করে বলেন, কোনো সংকট তৈরি হলে তা সব দলের ওপর দিয়েই যাবে এবং বিএনপি যেহেতু বর্তমানে ক্ষমতার সংকটের অগ্রভাগে রয়েছে, তাই তাদেরই এ পরিস্থিতির মোকাবিলা করতে হবে। বিএনপি ও বিচার বিভাগ যদি এসব অপরাধের শাস্তি নিশ্চিত না করে, তবে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে আবারো রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার বিকেলে পটুয়াখালী জেলা এনসিপির আয়োজনে এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি আজমেরী হক বাঁধনকে সরকারিভাবে আইনি সহায়তা প্রদান এবং বর্তমান সরকারকে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান।
সারজিস আলম বলেন, ২০২৪ সালে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ ১৪০০ মানুষকে হত্যা করেছে। বর্তমানে আওয়ামী লীগ একটি 'ক্লোজড চ্যাপ্টার', তাদের বাংলাদেশে পতন হয়েছে এবং ভারতে গিয়ে দাফন হয়েছে। বিএনপিকে আলাদাভাবে দেখা হলেও আমরা তাদের বিন্দুমাত্র ছাড় দিতে আগ্রহী নই এবং তাদের সব অন্যায়ের প্রতিবাদ করব। গত ছয় মাসে বিএনপি জনআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, এমন প্রক্রিয়া চলতে থাকলে তারা পাঁচ বছর ক্ষমতায় টিকতে পারবে না।
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে তিনি বলেন, আমরা বিএনপিকে সহযোগিতা করতে চাই, কিন্তু উচ্চমূল্যে এসব কিনে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী অরাজকতা দমনের যে কথা বলছেন, তার সমালোচনা করে সারজিস আলম বলেন, অরাজকতা তারা নিজেরাই তৈরি করে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে দমন-পীড়নের রাজনীতি করছে। জনগণের দুর্বিষহ বিষয় নিয়ে লুটপাটের রাজনীতি করলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
অনুষ্ঠানে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া এনসিপির যুগ্ম আহবায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার কর্মশালা সংক্রান্ত বক্তব্য রাখেন এবং যুব শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে সভার মাধ্যমে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

