ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলটির কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবসহ অন্যান্য নেতাদের বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় পুলিশের সঙ্গে কংগ্রেস নেতাদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাদের আটক করে একটি বাসে তুলে নিয়ে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কংগ্রেস নেতাদের অভিযোগ, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে। অন্যদিকে, দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, তরুণ শিক্ষার্থীদের ওপর চালানো নৃশংসতার জবাব চাইতেই তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সমবেত হয়েছেন। তিনি দেশের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান।

