রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টা ও কার্যকর কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের নিজ মাতৃভূমি মিয়ানমারে দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 'দ্য রোহিঙ্গা ক্রাইসিস: ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড রিফ্রেমিং রেসপনসিবিলিটিজ' শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ)।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বিশ্ব রাজনীতির প্রভাবশালী দেশসমূহ এবং জাতিসংঘের প্রত্যক্ষ সহায়তায় এই সংকটের একটি স্থায়ী সমাধান সম্ভব। বর্তমানে বাংলাদেশে প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা অবস্থান করছে। মন্ত্রী সতর্ক করে বলেন, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রত্যাবাসন পরিকল্পনা ছাড়া কেবল অনির্দিষ্টকালের জন্য মানবিক সহায়তা প্রদান দীর্ঘমেয়াদে মূল সমাধানের তাগিদকে কমিয়ে দিতে পারে। তাই জরুরি ত্রাণ সহায়তার গণ্ডি পেরিয়ে একটি 'ট্রানজিশনাল স্ট্র্যাটেজি' বা রূপান্তরকালীন কৌশল গ্রহণ করা প্রয়োজন, যার মূল লক্ষ্য হবে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার উপযোগী ও নিরাপদ পরিবেশ তৈরি করা। তিনি আরও আহ্বান জানান, রোহিঙ্গা ইস্যুটি যেন জাতিসংঘের আন্তর্জাতিক রাডারে সর্বদা সক্রিয় থাকে এবং অন্য কোনো বৈশ্বিক রাজনৈতিক সংঘাতের আড়ালে চাপা না পড়ে।

দীর্ঘমেয়াদি এই সংকটের কারণে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকির বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিগত প্রায় নয় বছর ধরে মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় ও প্রয়োজনীয় সেবা দিয়ে আসছে। তবে সময়ের সাথে সাথে ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাত্রার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পের চারপাশে সীমান্ত বেড়া (ফেন্সিং) নির্মাণ এবং সুনিয়ন্ত্রিত যাতায়াত ব্যবস্থার মতো কঠোর নিরাপত্তা পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

অতীতে বাংলাদেশের সফল কূটনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব এবং ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী উদ্যোগে বাংলাদেশ সফলভাবে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন করেছিল। অতীতের সেই সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান সরকার আবারও শতভাগ সফল প্রত্যাবাসন বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর্মুলেশন কমিটি অন রোহিঙ্গা অ্যাফেয়ার্স’ গঠিত হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটি কাজ করে যাচ্ছে।

গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। আইজিসিএফের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আদনান রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মকর্তা, গবেষক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন এবং তাদের মতামত তুলে ধরেন।