বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

দেশের বিদ্যমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এক আলোচনা সভায় তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, গত কিছুদিন ধরে তারা লক্ষ্য করছেন যে, সরকার স্বৈরাচারী আমল কিংবা অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে। সরকার কখনো অস্বীকার করেনি যে দেশে সমস্যা নেই। তবে কিছু মহল এসব সমস্যাকে পুঁজি করে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

সরকারের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবো এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতাগুলো আপহোল্ড করার সর্বোচ্চ চেষ্টা করবো।’

অরাজকতা সৃষ্টির প্রচেষ্টার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়; সেটিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে তা দেশের আইনে বলে দেওয়া আছে। কাজেই জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকের নিজেদের সীমার মধ্যে থাকা দরকার।’

দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি নেতাকর্মী ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংকট কাটিয়ে ওঠার জন্য পরিশ্রম করেছে। সংকট থেকে ধীরে ধীরে দেশকে বের করেও নিয়ে এসেছে।’

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে, শিল্পকারখানার মালিকসহ বহু সাধারণ মানুষ যারা বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে রয়েছেন, তাদের সবার কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’ তবে আগামীতে যেন দেশের মানুষকে আর জ্বালানি সংকটে পড়তে না হয়, সেভাবেই বিএনপি কর্মপরিকল্পনা তৈরি করছে বলে তিনি জানান।

তারেক রহমান আরও বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কারণেই প্রতিটি নির্বাচনে বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ‘এখন আমরা এমন একটি মানবিক রাষ্ট্র তৈরি করতে চাই, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে।’