বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে পৌঁছান। এ সময় অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থানরত নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে স্বাগত জানান।

অনুষ্ঠানের শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সভায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভার শুরুতে বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর মূল আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

সভায় উপস্থিত থাকা কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।