হাতে লেখা চিঠিতে বিয়ের ঘোষণা দিলেন কওয়াক সি-ইয়াং ও ইউ জি-এ

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা কওয়াক সি-ইয়াং এবং কে-পপ দল লাভলিজের সাবেক সদস্য ইউ জি-এ নিজেদের বিয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে হাতে লেখা চিঠি প্রকাশের মাধ্যমে তারা ভক্তদের এই আনন্দের সংবাদটি জানান। আগামী ২৮ নভেম্বর ব্যক্তিগত পরিসরে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

কওয়াক সি-ইয়াং তার চিঠিতে উল্লেখ করেন, তিনি এমন একজন বিশেষ মানুষকে খুঁজে পেয়েছেন যার সঙ্গে তিনি বাকি জীবন কাটাতে চান। পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাসের ওপর ভিত্তি করেই তারা একসঙ্গে পথচলার এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, কঠিন সময়ে একে অপরকে সমর্থন করবেন এবং আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেবেন। বিয়ের পরও তিনি অভিনয়ে নিয়মিত থাকার কথা জানিয়েছেন এবং সংসার শুরু করার পর দর্শকদের সামনে আরও পরিণতভাবে নিজেকে তুলে ধরার আশা ব্যক্ত করেছেন।

একই দিনে ইউ জি-এ-ও ভক্তদের উদ্দেশ্যে চিঠি প্রকাশ করেন। তিনি জানান, তারা আনন্দের সঙ্গে নতুন জীবনে পদার্পণের সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ বিয়ের ঘোষণায় অনেক ভক্ত অবাক হতে পারেন বলে তিনি ধারণা করছেন, তাই নতুন শুরুর এই মুহূর্তটি ভালোবাসা দিয়ে উদযাপনের জন্য ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

১৯৮৭ সালে জন্মগ্রহণ করা কওয়াক সি-ইয়াং ২০১৪ সালে ‘নাইট ফ্লাইট’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন। এরপর ‘ওহ মাই ঘোস্ট’, ‘মিরর অব দ্য উইচ’, ‘ফ্লেক্স এক্স কপ’ ও ‘মাই ডিয়ারেস্ট নেমেসিস’-এর মতো জনপ্রিয় ড্রামায় তাকে দেখা গেছে। অন্যদিকে, ইউ জি-এ ২০১৪ সালে লাভলিজের সদস্য হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। ‘আহ-চু’ ও ‘ডেসটিনি’ গান দিয়ে দলটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সংগীতের পাশাপাশি ইউ জি-এ ‘দ্য এসকেপ অব দ্য সেভেন’ ও ‘দ্য থার্ড ম্যারেজ’-এর মতো ড্রামাতেও অভিনয় করেছেন।