দীর্ঘ প্রতীক্ষার পর পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম আকরামের পোষা কুকুর ‘ডিউক’ উদ্ধার হয়েছে। কালো রঙের জার্মান শেফার্ড প্রজাতির এই কুকুরটি করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) ফেজ-৮ এলাকা থেকে নিখোঁজ হয়েছিল।
কুকুরটি হারিয়ে যাওয়ার পর ওয়াসিম আকরাম ও তার স্ত্রী শানিয়েরা আকরাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়ে সাহায্যের আবেদন করেছিলেন। পাশাপাশি কুকুরটিকে খুঁজে পেতে বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালানোর পাশাপাশি করাচির সাহিল থানায় একটি আনুষ্ঠানিক সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।
ওয়াসিম আকরামের মুখপাত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, কুকুরটির অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করা দুই ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার প্রদান করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই শেষ পর্যন্ত ডিউককে উদ্ধার করা সম্ভব হয়। তবে কুকুরটি কোথায় এবং কীভাবে পাওয়া গেছে, সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পোষা প্রাণীটি নিরাপদে ফিরে আসায় ওয়াসিম আকরাম ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেছেন।

