টানা ছয় ছক্কা মেরে অনন্য নজির গড়লেন ইংলিশ ক্রিকেটার টবি অ্যালবার্ট

ইংলিশ কাউন্টি ক্রিকেটের ওয়ানডে কাপে সাসেক্সের বিপক্ষে এক ম্যাচে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন হ্যাম্পশায়ারের তারকা ব্যাটসম্যান টবি অ্যালবার্ট। ম্যাচে তিনি টানা ছয় বলে ছয়টি ছক্কা হাঁকানোর বিরল নজির গড়েছেন। তবে এই কীর্তি গড়তে তাকে দুই ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

ম্যাচে হ্যাম্পশায়ার ৯ উইকেট হারিয়ে মোট ৩৮৩ রান সংগ্রহ করে, যা লিস্ট এ ক্রিকেটে তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০২২ সালে কেন্টের বিপক্ষে তারা সর্বোচ্চ ৩৯৬ রান তুলেছিল। এই বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন টবি অ্যালবার্ট। ইনিংসের ১৫ ওভার বাকি থাকতে ক্রিজে নামেন তিনি। মাঠে নেমেই নান্টেস ওস্থহুইজেনের করা ৪৩তম ওভারের শেষ দুটি বলে ছক্কা মারেন। এরপর অলি কার্টলির পরের ওভারের টানা চারটি বলে ছক্কা হাঁকান তিনি। ফলে ছয় বলের ব্যবধানে তার নামের পাশে ছয়টি ছক্কা যুক্ত হয়।

ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩৭ বলে ৮৬ রান করেন অ্যালবার্ট। এর মধ্যে ২৬ বলেই তিনি নিজের অর্ধশতক পূর্ণ করেন, যা এবারের ওয়ানডে কাপে দ্রুততম ফিফটির রেকর্ড। তার এই তাণ্ডবের আগেই অবশ্য হ্যাম্পশায়ারের ভিত গড়ে দিয়েছিলেন বেন মায়েস এবং আলি ওর। বেন মায়েস ১১৫ বলে ১০৯ রান করে নিজের প্রথম লিস্ট এ সেঞ্চুরি তুলে নেন। পাশাপাশি ওপেনার আলি ওরও শতক হাঁকান। তাদের এই জুটিতে ৩৫ ওভারেই হ্যাম্পশায়ার ২২৫ রান সংগ্রহ করে ফেলেছিল, যা দলের বড় সংগ্রহের পথ প্রশস্ত করে।