রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলার অভিযোগে স্টেডিয়ামটির সংশ্লিষ্ট প্রশাসককে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন।
প্রতিমন্ত্রী মাঠ পরিদর্শনের সময় ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও ময়লা-আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ ও সুযোগ-সুবিধা না থাকায় খেলোয়াড়দের ড্রেসিংরুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা গেছে।
আমিনুল হক জানান, প্রায় দুই মাস আগে তিনি এই স্টেডিয়ামটি পরিদর্শন করেছিলেন। সে সময় স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসকের চরম অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। এই দায়িত্বহীনতার ফলেই তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
স্টেডিয়ামটির সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করবে এবং দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলে প্রতিমন্ত্রী আশ্বাস দেন। পাশাপাশি স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের স্বার্থে নীতিগতভাবে এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথাও তিনি জানান।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে একটি সুন্দর ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে। দেশের সব স্টেডিয়ামের মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে এনএসসি ও মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেকোনো স্থানে অনিয়ম বা সমস্যা চোখে পড়লে তা দ্রুত জানানোর জন্য সাংবাদিকসহ ক্রীড়া সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

