টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ার দোরগোড়ায় দাঁড়িয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হলো স্পেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ২৪ ম্যাচ জয়ের পর পর্তুগালের কাছে হেরে থমকে গেল স্পেনের জয়যাত্রা। বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ম্যাচে স্পেনকে ৫৭ রানে পরাজিত করেছে পর্তুগাল।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পর্তুগাল নির্ধারিত ওভারে ১৬০ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে স্পেন মাত্র ১০৩ রানে গুটিয়ে যায়। স্পেনের পক্ষে ড্যানিয়েল ডোয়েস-কায়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন। পর্তুগালের বোলিং আক্রমণে সেবাস্টিয়ান অলিভিয়েরা এবং জেরেমি মার্টিন্স প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া বাংলাদেশি বংশোদ্ভুত বাঁহাতি স্পিনার সিরাজউল্লাহ খাদেম ১৯ রান খরচ করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
এই হারের ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়া আর হলো না স্পেনের। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত স্পেন টানা ২৪টি ম্যাচ জিতেছিল। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে অস্ট্রেলিয়ার টানা ২৫টি টেস্টে অপরাজিত থাকার রেকর্ডটি অক্ষুণ্ণ রইল।
পর্তুগালের এই জয় তাদের ২০২৭ সালের ইউরোপ কোয়ালিফায়ারে জায়গা করে দিয়েছে। এখান থেকে ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার সুযোগ থাকছে তাদের সামনে। ময়জেস হেনরিকসের অধীনে খেলা পর্তুগাল এই কোয়ালিফায়ারে টানা পাঁচটি ম্যাচ জিতেছে। এই জয়ের ফলে ইউরোপ কোয়ালিফায়ারে জার্সির ও ডেনমার্কের সঙ্গে যুক্ত হলো পর্তুগাল। এছাড়া স্কটল্যান্ডও এই পর্বে খেলবে এবং ইতালি ও নেদারল্যান্ডস সরাসরি গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার যোগ্যতা অর্জন করেছে।

