আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত না দেখা গেলেও, ক্রিকেটপ্রেমীদের জন্য আবারো মাঠে ফিরছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব দেবেন তিনি। আগামী ৩০ জুলাই জাম্বিয়ায় পর্দা উঠতে যাচ্ছে এই টুর্নামেন্টের। মোট ছয়টি দল নিয়ে ১৯টি ম্যাচের এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেটভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দল হলো বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান পাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং রেস্ট অব এশিয়ান স্টার্স। বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে সাকিবের পাশাপাশি থাকছেন সাবেক অলরাউন্ডার আলোক কাপালি। এছাড়া টুর্নামেন্টে ভারতের ইউসুফ পাঠান ও আম্বাতি রায়ডু, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, উপুল থারাঙ্গা ও ইসুরু উদানা, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, সাঈদ আজমল, উমর আকমল, মোহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের আসগার আফগানসহ এশিয়ার অনেক সাবেক তারকা ক্রিকেটার অংশ নেবেন।
৩০ জুলাই জার্সি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কান লায়ন্স ও আফগানিস্তান পাঠানস। ৩১ জুলাই ডাবল-হেডারের প্রথম ম্যাচে পাকিস্তান প্যান্থার্স ও রেস্ট অব এশিয়ান স্টার্স খেলবে এবং দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের বাংলাদেশ টাইগার্স লড়বে ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে। টুর্নামেন্টের কোয়ালিফায়ার-১ অনুষ্ঠিত হবে ৮ আগস্ট, কোয়ালিফায়ার-২ হবে ৯ আগস্ট এবং ১০ আগস্ট ফাইনাল দিয়ে শেষ হবে আসর। সনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে তিন মৌসুমের সম্প্রচার চুক্তি থাকায় ক্রিকেটপ্রেমীরা খেলাগুলো সরাসরি উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ টাইগার্সের চূড়ান্ত স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, আল মামুন রাসেল, সাদেকুর রহমান ও ইমন আহমেদ।

