আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি লিগ 'দ্য হান্ড্রেড'-এর ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন। রোববার লন্ডনের দ্য ওভালে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে তিনি টুর্নামেন্টের চলতি আসরের প্রথম পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। এই অর্জনে তিনি দ্য হান্ড্রেডের ইতিহাসে অষ্টম বোলার হিসেবে ফাইফার পাওয়ার কৃতিত্ব অর্জন করলেন।
ম্যাচটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এমআই লন্ডন নির্ধারিত ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে, যা চলতি আসরে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলের বড় সংগ্রহের পেছনে উইল জ্যাকসের ৩১ বলে ৬২ রান, নিকোলাস পুরানের ২৮ বলে ৫৪ রান এবং স্যাম কারানের ১১ বলে ২৩ রানের ইনিংসগুলো মূল ভূমিকা পালন করে।
১৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যানচেস্টার সুপার জায়ান্টস শুরুতে ভালোই এগোচ্ছিল, প্রথম ৩০ বলে তাদের দলীয় সংগ্রহ ছিল ৫৯ রান। তবে এরপরই রশিদ খানের ঘূর্ণি জাদুতে পথ হারায় দলটি। তিনি প্রথমে টিম সিফার্টকে বোল্ড করেন এবং পরবর্তীতে জস বাটলার, হেনরি ক্লাসেন, টম মুরস ও লিয়াম ডসনকে সাজঘরে ফেরান। রশিদ খানের এই অবিশ্বাস্য বোলিংয়ে মাত্র ৩৫ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ম্যানচেস্টার। শেষ পর্যন্ত ৯৫ বলে ১৩৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস এবং এমআই লন্ডন ৪৫ রানের জয় নিশ্চিত করে।

