৫৫০ কিশোর ক্রীড়াবিদের পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতায় বিশেষ সেমিনার

দেশের উদীয়মান কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের সুস্বাস্থ্য ও সঠিক পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার সন্ধ্যা ৭টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং ‘দি কিউব ইনস্টিটিউট’ (The CUBE Institute)-এর পরিচালনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’-এর ফাইনাল পর্বে উত্তীর্ণ প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদ এই সেমিনারে অংশ নিচ্ছেন। ভবিষ্যতে তাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুবুর রহমান। সেমিনারে প্রধান বক্তা হিসেবে পুষ্টিবিদ, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট ইসরাত জাহান, এম.ফিল ক্রীড়াবিদদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

আয়োজকরা জানান, সেমিনারে কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের স্ট্যামিনা ও পারফরম্যান্স বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাস, স্পোর্টস নিউট্রিশন এবং সঠিক হাইড্রেশন নিশ্চিতকরণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এছাড়া অনুশীলনের পূর্বে ও পরের খাদ্য নির্বাচন, রিকভারি নিউট্রিশন এবং চোট বা আঘাত প্রতিরোধের কৌশল সম্পর্কেও আলোচনা করা হবে। মূলত জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে অ্যাথলেটদের ফিট থাকা এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখার বৈজ্ঞানিক ও তাত্ত্বিক নির্দেশনা দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য।