বিশ্বকাপের মাঝেই ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ঘরের মাঠে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তিনি কি নিজেকে ধরে রাখতে পারবেন? বিশেষ করে ২০৩০ সালের বিশ্বকাপ যখন আসবে, তখন মেসির বয়স হবে ৪৩ বছর। তবে মেসি বলে কথা, তাই কোনো সম্ভাবনাই পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ক্যারিয়ারের আরেকটি ফাইনাল ম্যাচের আগে তাই বারবার আলোচনায় উঠে আসছে, ২০৩০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মেসিকে দেখা যাবে কি না।
এই বিষয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি কোনো পরিষ্কার উত্তর দেননি। বরং তিনি আবারও মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ২০১৮ সালের বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায়ের পর অনেকে ৩১ বছর বয়সি মেসির ক্যারিয়ার শেষ বলে ধরে নিয়েছিলেন। কিন্তু মেসি থেমে থাকেননি। ২০২২ সালে ৩৫ বছর বয়সে বিশ্বকাপ জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এমনকি ৩৯ বছর বয়সে এসেও তিনি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে দলকে তোলার প্রধান কারিগর। সেমিফাইনাল পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন এই মহাতারকা।
মেসির এই অসাধারণ ফর্মে অনেকেই ২০৩০ বিশ্বকাপের স্বপ্ন দেখছেন। আবার অনেকের মতে, নিউ জার্সি স্টেডিয়ামে এবারের ফাইনাল খেলেই হয়তো থামবেন মেসি। তবে এই নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেও জানিয়েছেন, এটিই মেসির শেষ বিশ্বকাপ কিনা তা তার জানা নেই। স্কালোনি বলেন, "এটা কি মেসির শেষ বিশ্বকাপ? আমি কীভাবে জানব! আমার কোনো ধারণা নেই। আমরা এটা নিয়ে কোনো কথা বলিনি। সে কখনও আমাদের অবাক করা থামায় না। ৩৯ বছর বয়সে ফাইনালে জায়গা করে নেওয়া, আমি মনে করি এটা অবিশ্বাস্য।"
আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপার লড়াই অনুষ্ঠিত হবে। আলবিসেলেস্তেরা এই ম্যাচটি জেতার লক্ষ্যেই মাঠে নামবে। তবে স্কালোনির মতে, শিরোপা জিতুক বা না জিতুক, মেসির কীর্তি কোনোভাবেই কমবে না। তিনি বলেন, "তার কাজের মূল্যায়ন আমাদের করতে হবে। সে এমন কিছু করেছে যা কয়েক বছর আগে কেউ ভাবতে পারেনি। এই পর্যায়ে আসাটা এবং প্রতিদ্বন্দ্বিতা করাটা সহজ নয়। আশা করি আমরা জিতব, যদি নাও জিততে পারি তবুও সে সবার জন্য উদাহরণ হয়ে থাকবে।"

