নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল রবিবার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে এই ম্যাচটি শুধু শিরোপা নির্ধারণের লড়াই নয়, বরং লিওনেল মেসির জন্য অপেক্ষা করছে অনন্য ১১টি ব্যক্তিগত রেকর্ডের হাতছানি। ফাইনালে মাঠে নামা থেকে শুরু করে গোল করা কিংবা ট্রফি জেতা, সবকিছু মিলিয়ে মেসি ছুঁতে পারেন একাধিক ঐতিহাসিক মাইলফলক।
ফাইনালের দিন মেসির বয়স হবে ৩৯ বছর ২৫ দিন। ফুটবল ইতিহাসে গোলরক্ষক বাদে কোনো খেলোয়াড় এত বেশি বয়সে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামেননি। রেকর্ডটি এখনও ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফেরের দখলে আছে, যিনি ৪০ বছর ১৩৩ দিনে ১৯৮২ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে খেলেছিলেন। মেসি ফাইনালে নামলে আউটফিল্ড খেলোয়াড় হিসেবে তিনি হবেন ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফাইনালিস্ট। এছাড়া ২০১৪ ও ২০২২ সালের পর এটি হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। ব্রাজিলের কিংবদন্তি কাফু ১৯৯৪, ১৯৯৮ এবং ২০০২ সালে টানা তিনটি ফাইনালে খেলেছিলেন, সেই অভিজাত তালিকায় মেসি দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লেখাতে চলেছেন। পাশাপাশি মেসিই হবেন প্রথম অধিনায়ক, যিনি তিনবার বিশ্বকাপ ফাইনালে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।
আর্জেন্টিনা জিতলে মেসি হবেন ইতিহাসের প্রথম অধিনায়ক যিনি দুবার বিশ্বকাপ শিরোপা নিজের হাতে নেওয়ার অনন্য রেকর্ডের মালিক হবেন। ব্যক্তিগত অর্জনের তালিকায় আরও রয়েছে ফাইনালের সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার সুযোগ। স্পেনের বিপক্ষে মেসি গোল পেলে তিনি ১৯৫৮ সালে ব্রাজিলের বিপক্ষে গোল করা সুইডেনের নিলস লিডহোমের (৩৫ বছর ২৬৪ দিন) রেকর্ডটি ভেঙে দেবেন। এছাড়া ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিল ৮টি গোল করেছিলেন, যা ৯৬ বছর ধরে আর্জেন্টিনার হয়ে এক আসরে সর্বোচ্চ গোল। এবারের বিশ্বকাপে মেসি ইতোমধ্যে ৮টি গোল করে ফেলেছেন, ফাইনালে একটি গোল করলেই তিনি স্তাবিলকে টপকে এককভাবে নতুন রেকর্ড গড়বেন।
মেসি যদি ফাইনালে জোড়া গোল করতে পারেন, তবে তিনি জাস্ট ফনটেইন (১৩ গোল), স্যান্ডর কোসিস (১১ গোল) এবং গার্ড মুলারের (১০ গোল) অভিজাত তালিকায় নাম লেখাবেন। এছাড়া ১৯ জুলাই স্পেনের বিপক্ষে গোল করতে পারলে তিনি ভাভা, পেলে, পল ব্রেইটনার, জিনেদিন জিদান ও কিলিয়ান এমবাপ্পেদের মত ষষ্ঠ খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করার রেকর্ড গড়বেন। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে এবং মেসি কমপক্ষে একটি গোল করলে, তিনি ৯ গোল নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় হিসেবে এক আসরে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি নিজের করে নেবেন। এছাড়া ফাইনালে দুটি গোল করলে তিনি কিলিয়ান এমবাপ্পের ৪ গোলের রেকর্ড স্পর্শ করবেন এবং হ্যাটট্রিক করলে ৫ গোল নিয়ে তালিকার শীর্ষে উঠে আসবেন। সবশেষে, আর্জেন্টিনা জিতলে মেসি হবেন ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফুটবলার যিনি টানা দুবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য, যা ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের নীল্টন সান্তোসের (৩৭ বছর) রেকর্ডকে অতিক্রম করবে।
ফাইনালের আগে আলবিসেলেস্তেরা বেশ আত্মবিশ্বাসী। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং ইনজুরি সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। অনুশীলনের ছবি প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ‘আবারও কাজে ফেরা! আমরা থামছি না। লড়াই চলবে বন্ধুরা। চলো, আর মাত্র একটা ছোট পদক্ষেপ বাকি।’
১১. সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়: টানা দুইবার বিশ্বকাপ জয় করা বিরল ঘটনা। এর আগে ইতালি (১৯৩৪, ১৯৩৮) এবং ব্রাজিল (১৯৫৮, ১৯৬২) এই নজির গড়েছিল। আর্জেন্টিনা এবার জিতলে মেসি হবেন ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফুটবলার যিনি টানা দুবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের নীল্টন সান্তোস ৩৭ বছর বয়সে এই রেকর্ড গড়েছিলেন, মেসি সেটি অতিক্রম করবেন।

