ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন, দায়িত্ব হারালেন মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় তামিম ইকবাল সাংবাদিকদের এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটন দাস আগে থেকেই টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এখন থেকে সাদা বলের ক্রিকেটের উভয় ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি। নতুন এই নেতৃত্বে লিটন দাসের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়। তবে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনই বহাল থাকছেন।

অধিনায়ক পরিবর্তনের এই সিদ্ধান্তের বিষয়ে তামিম ইকবাল বলেন, 'আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।'

সম্প্রতি সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স নিয়ে নানা মহলে সমালোচনার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ হারের পর থেকে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় থেকেই মিরাজের অধিনায়কত্ব হারানোর গুঞ্জন শোনা যাচ্ছিল, যা শেষ পর্যন্ত সত্যে পরিণত হলো।