ফিফা সভাপতির পদত্যাগের দাবিতে সোচ্চার লিসে ক্লাভেনেস

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে জোরালো আলোচনা। এই প্রেক্ষাপটে নতুন এক নাম হিসেবে সামনে এসেছেন নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রধান লিসে ক্লাভেনেস। ৪৫ বছর বয়সি এই আইনজীবী ও সাবেক ফুটবলার সরাসরি ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছেন। তিনি নরওয়ে জাতীয় দলের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছেন এবং ২০২২ সালে নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তুলে তিনি আলোচনায় আসেন।

নরওয়ের সাংবাদিক মিনা ফিনস্তেদ বার্গের মতে, ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে বর্তমান বিশ্বব্যাপী যে সমালোচনা চলছে, তার সূত্রপাত হয়েছিল ক্লাভেনেসের হাত ধরেই। চলতি বছরে ফিফার বিরুদ্ধে অভিযোগের তালিকা আরও দীর্ঘ হয়েছে। এর মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘শান্তি পুরস্কার’ দেওয়া, মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করা এবং বেসরকারি বিনিয়োগকারীদের জন্য ফিফার প্রতিযোগিতা উন্মুক্ত করার পরিকল্পনার মতো বিষয়গুলো নিয়ে নরওয়ে ফুটবল ফেডারেশন ফিফার এথিকস কমিটির কাছে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে।

নরওয়ে এবার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছে, যা মাঠের পারফরম্যান্সে ক্লাভেনেসের আত্মবিশ্বাস বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি নিজে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি এবং বিষয়টিকে ব্যক্তিগত ক্ষমতার লড়াই হিসেবেও দেখতে চান না। এদিকে, দুর্নীতির অভিযোগে বিতর্কিত সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন যে, ফিফার নেতৃত্বে এখন একজন নারীর সময় এসেছে।

ক্লাভেনেসের সামনে অবশ্য বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে তাকে অতি-উদারপন্থি হিসেবে দেখা হয়। এছাড়া ২০২৩ সালে উয়েফার নির্বাহী কমিটির নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন, যদিও পরে ২০২৫ সালে নারীদের জন্য সংরক্ষিত আসনে একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সেখানে জায়গা পান। নরওয়ের সাবেক গোলরক্ষক এরিক থর্স্তভেতের মতে, ইউরোপেই যেখানে তার জন্য জয় পাওয়া কঠিন, সেখানে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার সমর্থন পাওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ হবে। আগামী বছরের মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য নির্বাচন করবেন ইনফান্তিনো। এখন পর্যন্ত তিনিই একমাত্র ঘোষিত প্রার্থী, তবে ক্লাভেনেস আনুষ্ঠানিকভাবে মাঠে নামলে এই লড়াই জমে উঠতে পারে।