আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে মাঠ কাঁপানো এই ফুটবলার তার এই কঠিন সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তিনি বলেন, অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য মোটেও সহজ ছিল না বলেও তিনি মন্তব্য করেন।
জাতীয় দলের প্রতি নিজের দায়বদ্ধতার কথা স্মরণ করে মেসি বলেন, আমি সব সময় আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। এই জার্সির প্রতি সম্মান রেখে, আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্বটা আপনাদের আরও নিবিড়ভাবে অনুভব করানোর জন্য আমি সব সময় লড়াই করেছি। তিনি আরও বলেন, আমি জাতীয় দলকে ভালোবাসি, ভালোবেসেছি এবং সব সময় ভালোবাসব।
মেসির এই বিদায়লগ্নে আবেগাপ্লুত হয়ে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ বার্তায় মেসিকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার উত্তরাধিকার ও পেশাদারত্ব চিরকাল আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। ধন্যবাদ, অধিনায়ক। আমরা তোমাকে ভালোবাসি।
বিদায়ের এই মুহূর্তে মেসি তার পরিবার, কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন। তাদের সঙ্গে কাটানো স্মৃতিগুলোকে নিজের জীবনের অমূল্য অর্জন হিসেবে উল্লেখ করে তিনি শান্তি ও গর্ব নিয়ে বিদায় নেওয়ার কথা জানান। সবশেষে ভক্তদের উদ্দেশে মেসি তিনটি শব্দ উচ্চারণ করেন, আমি তোমাদের ভালোবাসি। সেই সঙ্গে দীর্ঘ ২০ বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি সকল ভক্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ২২: ৩৮আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২২: ৪০

