ওয়ানডে অভিষেকেই বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন জর্ডান হারমান

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই বিশ্ব রেকর্ডের পাতায় নিজের নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার তরুণ ওপেনার জর্ডান হারমান। উইন্ডহুকে নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন ২৪ বছর বয়সী এই প্রোটিয়া ব্যাটার। বুধবার এই ম্যাচে তিনি খেলেন ১৫০ রানের এক অনবদ্য ইনিংস।

মজার বিষয় হলো, অভিষেকে ওয়ানডেতে সর্বোচ্চ ১৫০ রানের এই বিশ্ব রেকর্ডটি অন্য কারোর নয়, জর্ডান হারমানেরই সতীর্থ ম্যাথু ব্রিটজকের দখলে ছিল। গত বছরের ১০ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৪৮ বলে ঠিক ১৫০ রানের ইনিংস খেলে এই কীর্তি গড়েছিলেন ব্রিটজকে। এবার দেড় বছরের মাথায় সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন হারমান।

নামিবিয়ার বিপক্ষে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুটা অবশ্য খুব একটা ঝড়ো ছিল না তাদের। দলীয় সপ্তম ওভারেই ওপেনার ইস্টারহুইজেনকে হারায় প্রোটিয়ারা। তবে এরপরই নামিবিয়ার বোলারদের ওপর চড়াও হন জর্ডান হারমান ও টনি ডি জর্জি। দ্বিতীয় উইকেটে এই দুজন মিলে ১৬৬ বলে ১৯০ রানের এক বিশাল জুটি গড়েন। হারমান ৯৩ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। দলীয় ২১৭ রানে ডি জর্জি ৮৪ বলে ৭২ রান করে সাজঘরে ফিরলেও হারমান তাঁর তাণ্ডব চালিয়ে যান।

এরপর ডেভাল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে দলের স্কোরে আরও ৫৯ রান যোগ করেন এই ওপেনার। শেষ পর্যন্ত ১২৬ বলে ১৫০ রান করে আউট হন হারমান। লিস্ট 'এ' ক্রিকেটে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি। হারমানের এই রেকর্ড গড়া ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৮ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

ব্রিটজকে ও হারমানের আগে এই রেকর্ডের চূড়ায় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ডেসমন্ড হেইন্স। ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে ১৩৬ বলে ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। হেইন্সের সেই ঐতিহাসিক কীর্তি দীর্ঘ সাড়ে চার দশক ধরে অক্ষত ছিল, যা ভেঙেছিলেন ব্রিটজকে। আর এবার ব্রিটজকের সেই রেকর্ড স্পর্শ করলেন হারমান।