মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন না হার্দিক পান্ডিয়া, গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ

আইপিএলের আগামী মৌসুমকে সামনে রেখে হার্দিক পান্ডিয়াকে অন্য কোনো দলের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে—সম্প্রতি এমন খবর পুরোপুরি নাকচ করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। চেন্নাই সুপার কিংসসহ অন্য কোনো দলের সঙ্গে এই অলরাউন্ডারকে নিয়ে ট্রেডিং সংক্রান্ত কোনো আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ভারতের স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ‘স্পোর্টস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্সের এক মুখপাত্র জানান, বর্তমানে দলের মৌসুম-পরবর্তী পর্যালোচনার কাজ চলছে এবং প্রতিটি দিক মূল্যায়ন করা হচ্ছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হলেও, এই মুহূর্তে কোনো খেলোয়াড় অদলবদল বা ট্রেড নিয়ে কোনো দলের সঙ্গে কোনো আলোচনায় বসেনি মুম্বাই। পর্যালোচনা শেষ হওয়ার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।

তবে ফ্র্যাঞ্চাইজির এই বক্তব্যের ধরণ দেখে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, হার্দিকের মুম্বাই ছাড়ার সম্ভাবনা এখনই পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও, পর্যালোচনা শেষে পরিস্থিতি বদলাতে পারে বলে মনে করছেন অনেকে। এর আগে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, হার্দিক পান্ডিয়াকে পেতে আগ্রহী চেন্নাই সুপার কিংস। এমনকি হার্দিকের বিনিময়ে মুম্বাইয়ের কাছে আয়ুশ মাত্রে ও শিবম দুবেকে চেয়েছিল চেন্নাই। তবে চেন্নাই মাত্রেকে ছাড়তে রাজি না হওয়ায় দুবের সঙ্গে দক্ষিণ আফ্রিকান ব্যাটার দেভাল্ড ব্রেভিস এবং অতিরিক্ত ১০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছিল। এছাড়া দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মতো দলগুলোও হার্দিককে দলে ভেড়াতে আগ্রহী বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব নেওয়ার পর থেকে হার্দিকের অধীনে দলের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে অভিযান শেষ করে মুম্বাই। পরবর্তী মৌসুমে প্লে-অফে উঠলেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। চলতি মৌসুমে ১০টি দলের মধ্যে ৯ নম্বরে থেকে শেষ করেছে মুম্বাই; ১৪টি ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে মাত্র ৪টিতে এবং হেরেছে ১০টিতে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হার্দিকের বনিবনা না হওয়া এবং ইনজুরি সংক্রান্ত জটিলতা নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছে। তবে আইপিএলের দলবদল নিয়ে চূড়ান্ত চিত্র স্পষ্ট হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।