চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি

ইতালির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই। ৬৬ বছর বয়সে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর দীর্ঘদিনের ক্লাব এসি মিলান। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বারেসির প্রয়াণে পুরো মিলান পরিবার শোকাচ্ছন্ন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তাঁর আদর্শ ও সততা ক্লাবের ডিএনএতে চিরকাল খোদাই করা থাকবে, ঠিক যেভাবে তাঁর ঐতিহ্যবাহী ৬ নম্বর জার্সিটি অমর হয়ে আছে।

বারেসি ছিলেন ফুটবল বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ১৯৮২ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পান তিনি। তবে সেই আসরে তিনি মূল দলে খেলার সুযোগ পাননি। পরবর্তীতে ১৯৯০ সালে নিজের ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে তিনি নিয়মিত ছিলেন এবং সুইপার বা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স করে অলস্টার দলে জায়গা করে নেন। ১৯৯৪ বিশ্বকাপে তিনি অধিনায়ক হিসেবে ইতালিকে ফাইনালে পৌঁছে দেন, যদিও টাইব্রেকারে তিনি গোল করতে ব্যর্থ হন। হাঁটুর অস্ত্রোপচারের মাত্র ২৫ দিন পর ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে তাঁর ১২০ মিনিটের সেই লড়াই ফুটবলের ইতিহাসে রূপকথার মতো হয়ে আছে।

ক্লাব ফুটবলে বারেসির পুরো ক্যারিয়ারই কেটেছে এসি মিলানে। ১৯৬০ সালের মে মাসে লোম্বার্দিতে জন্ম নেওয়া ফ্রাঙ্কিনো ‘ফ্রাঙ্কো’ বারেসি ১৯৭৪ সালে মিলানের বয়সভিত্তিক দলে যোগ দেওয়ার পর ১৯৭৮ সালে মাত্র ১৮ বছর বয়সেই তিনি মূল দলে জায়গা করে নেন। মিলানের রক্ষণভাগে পাওলো মালদিনি, মাউরো তাসোত্তি এবং আলেসান্দ্রো কোস্তাকুর্তাকে নিয়ে তিনি যে দুর্গ তৈরি করেছিলেন, তা তৎকালীন স্ট্রাইকারদের জন্য ছিল আতঙ্কের নাম। ১৯৮০ ও ৯০-এর দশকে তিনি মিলানের হয়ে তিনটি ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ এবং ছয়টি ইতালিয়ান লিগ শিরোপা জয় করেন।

১৯৯৭ সালে অবসর নেওয়ার আগে তিনি মিলানের হয়ে ৭১৯টি ম্যাচ খেলেছেন, যা ক্লাবের ইতিহাসে পাওলো মালদিনির পর দ্বিতীয় সর্বোচ্চ। মিলানের প্রতি তাঁর আনুগত্য ছিল প্রশ্নাতীত; আশির দশকের শুরুতে ক্লাবটি দুবার সিরি বি-তে নেমে গেলেও তিনি দল ছেড়ে যাননি, বরং দলকে পুনরায় শীর্ষ লিগে ফিরিয়ে আনেন। তাঁর সম্মানে এসি মিলান ৬ নম্বর জার্সিটি চিরতরে তুলে রাখার ঘোষণা দিয়েছিল, যা ক্লাবের ইতিহাসে প্রথম।

বারেসির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। তবে ২০২৫ সালের আগস্টে ফুসফুসের টিউমার অপসারণের জন্য তাঁর অস্ত্রোপচার হয়েছিল এবং এরপর তিনি শারীরিক শক্তি ফিরে পাওয়ার কথা বলেছিলেন। ইতালির জার্সি গায়ে ৮১ ম্যাচে ১ গোল করা বারেসি কেবল একজন খেলোয়াড় ছিলেন না, বরং তিনি ছিলেন রক্ষণভাগের এক অনন্য কারিগর। তাঁর নিখুঁত ট্যাকলিং এবং খেলা আগেভাগে বোঝার ক্ষমতার কারণে তাঁকে প্রায়ই জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সঙ্গে তুলনা করে ‘কাইজার ফ্রাঞ্জ’ নামে ডাকা হতো।

উল্লেখ্য, ১৯৮০ ও ১৯৮৮ ইউরোয় ইতালি দলের প্রতিনিধিত্ব করেন বারেসি। তাঁর বড় ভাই জিউসেপ্পে বারেসিও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন ইতালি দলে। ১৯৮০ ইউরোয় দুই ভাই ইতালি দলের প্রতিনিধিত্ব করলেও ফ্রাঙ্কো বারেসি মাঠে নামার সুযোগ পাননি। বড় টুর্নামেন্টে ওই একবারই দুই ভাই ইতালি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন।

তবে ১৯৮২ সালে বেঞ্চে বসে বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলের কোচের সঙ্গে মতভেদের কারণে ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে দলে জায়গা পাননি।