মুসলিমবিরোধী স্লোগান: স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ফিফার জরিমানা

গত মার্চ মাসে স্পেনের এক প্রীতি ম্যাচে গ্যালারিতে মুসলিমদের লক্ষ্য করে বৈষম্যমূলক স্লোগান দেওয়ার ঘটনায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) শাস্তির আওতায় এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ৩১ মার্চ বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে মিশরের বিপক্ষে ম্যাচটিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা গোলশূন্য ড্র হয়েছিল।

ম্যাচ চলাকালীন প্রথমার্ধের দশম মিনিটে স্পেনের একদল সমর্থক 'যে লাফাবে না, সে মুসলিম' এমন স্লোগান দিতে শুরু করেন। দ্বিতীয়ার্থের শুরুর দিকেও একই স্লোগান শোনা যায়। ঘটনার পরপরই স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্কবার্তা প্রচার করা হয়, তবে গ্যালারির কিছু অংশ থেকে তখন দুয়ো দেওয়া হয়।

ফিফার শাস্তিমূলক কমিটি এই স্লোগানগুলোকে 'ইসলামবিদ্বেষী ও বিদেশিবিদ্বেষী' হিসেবে চিহ্নিত করেছে। যদিও স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের লিখিত বক্তব্যে দাবি করেছিল যে স্লোগানটি বৈষম্যমূলক ছিল না, তবে ফিফার কমিটি সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে এবং স্লোগানটিকে নিরীহ নয় বলে পর্যবেক্ষণ দিয়েছে।

শাস্তি হিসেবে স্প্যানিশ ফেডারেশনকে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া, স্পেনের পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার ১৫ শতাংশ আসন বন্ধ রাখতে হবে, যার বেশিরভাগই থাকবে গোলপোস্টের পেছনের গ্যালারিতে। তবে ফিফার অনুমতিক্রমে এই আসনগুলোতে শিক্ষার্থী, পরিবার কিংবা বৈষম্যবিরোধী সংগঠনের সদস্যদের বসার সুযোগ রাখা যেতে পারে।

স্পেনের পরবর্তী প্রীতি ম্যাচটি জুন মাসে হওয়ার কথা রয়েছে। তবে উয়েফা নেশনস লিগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলে এই শাস্তির সময়সীমা পিছিয়ে আগামী বছর ইউরো ২০২৮ বাছাইপর্বের সূচিতে কার্যকর হতে পারে।