দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের ফুটবল ইতিহাসে একের পর এক মহাকাব্য রচনা করার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে 'গোলডটকম' জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হতে পারে জাতীয় দলের জার্সিতে এই পর্তুগিজ মহাতারকার শেষ ম্যাচ। লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিতেই তিনি অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে শোনা যাচ্ছে।
দীর্ঘদিন ধরে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে যেসব জল্পনা-কল্পনা চলছিল, তা এখন বাস্তব রূপ নিতে যাচ্ছে। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের অবসরের মাধ্যমে পর্তুগাল ফুটবলের একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটবে। রোনালদোর বিদায় প্রসঙ্গে পর্তুগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, তিনি দলের ভারসাম্য বজায় রাখতে কোনো তাড়াহুড়ো করবেন না। তিনি বলেন, “সাধারণত নতুন কোচ আসলে সবাই বৈপ্লবিক পরিবর্তনের আশা করে। তবে বাস্তবে স্বল্প সময়ে পুরো স্কোয়াড বদলে ফেলা সম্ভব নয়। আমি এমন কোনো তাড়াহুড়ো করব না যাতে দলের ভারসাম্য নষ্ট হয়।”
আন্তর্জাতিক ফুটবলে এক রাজকীয় রেকর্ড রেখে বিদায় নিচ্ছেন রোনালদো। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৩টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন তিনি, যা এক অনন্য বিশ্বরেকর্ড। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও তাঁর দখলে। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে পর্তুগাল প্রথমবারের মতো ইউরো ট্রফি জয় করে। পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপাও জিতেছে দলটি।
বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে খেলছেন রোনালদো, যেখানে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত তাঁর চুক্তি রয়েছে। পেশাদার ক্যারিয়ারে ইতিমধ্যে ৯৭৬টি গোল করা রোনালদোর লক্ষ্য এখন ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করা। আন্তর্জাতিক ফুটবলের পাট চুকিয়ে তিনি এখন ক্লাব ফুটবলে নিজের পুরো মনোযোগ ধরে রাখতে চান।

