এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে নারী বিভাগের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। পিটার জেমস বাটলারের শিষ্যরা তাদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে প্রতিযোগিতার তিনবারের স্বর্ণজয়ী উত্তর কোরিয়ার। আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ হলো দক্ষিণ কোরিয়া এবং মিয়ানমার। সূচি অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং তিন দিন পর অর্থাৎ ২০ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ মিয়ানমার। গ্রুপ পর্বের এই সবকটি ম্যাচই ওসাকার নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ১৯তম আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না সাবিনা খাতুনদের জন্য। সেবার এক ড্র ও দুই হারের মাধ্যমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। প্রতিযোগিতার শুরুতে জাপানের বিপক্ষে ৮-০ গোলে হারের পর ভিয়েতনামের বিপক্ষে ৬-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অবশ্য নেপালের বিপক্ষে শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল দলটিকে।
উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়াতে এশিয়ান গেমসের ২০তম আসরের পর্দা উঠবে।

