প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম। এশিয়ান গেমসের পুরুষ কাবাডি ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। ২০১৮ সালের আসরে রৌপ্য জয়ী শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল, যা তাদের পদক জয়ের স্বপ্নকে আরও উজ্জ্বল করেছে।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১৭ পয়েন্ট সংগ্রহ করে, যেখানে কোরিয়া পায় ১৬ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ পয়েন্ট যোগ করে এবং কোরিয়া সংগ্রহ করে ১৯ পয়েন্ট। সব মিলিয়ে ৩৯-৩৫ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
পুরুষদের কাবাডি ইভেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই গ্রুপে বাংলাদেশের অন্যান্য প্রতিপক্ষ হলো ভারত, চাইনিজ তাইপে এবং স্বাগতিক জাপান। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রথম ম্যাচ জয়ের পর আজই চাইনিজ তাইপের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের।

