আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ফুটবল দল। তবে এই ম্যাচেও জয় অধরা রয়ে গেল থমাস ডুলির শিষ্যদের। প্রথমার্ধে এক গোল হজম করার পর পুরো ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ, শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জামাল ভূঁইয়াদের। এবারের আসরের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের; এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে তিন গোলের ব্যবধানে হেরেছিল তারা। পরপর দুই ম্যাচে হারের ফলে আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার বড় ধরনের শঙ্কায় পড়েছে দলটি।

সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচের শুরুর একাদশে চারটি পরিবর্তন এনেছিলেন কোচ। একাদশে জায়গা পেয়েছিলেন জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন। অন্যদিকে একাদশ থেকে বাদ পড়েছিলেন সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম। ম্যাচের শুরুর দিকে বাংলাদেশ বেশ গোছানো ফুটবল খেলার চেষ্টা করে। প্রথম ১৫ মিনিটে সুকি ও রাকিবরা বল নিয়ে একাধিকবার প্রতিপক্ষের গোলপোস্টের দিকে এগিয়ে গেলেও ডি-বক্সের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলেন। ফলে প্রথমার্ধে বাংলাদেশের ফুটবলাররা কোনো শটই নিতে পারেননি।

ম্যাচের শুরুতে সিঙ্গাপুর কিছুটা ধীরগতির ফুটবল খেললেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের আক্রমণের ধার বাড়তে থাকে। ম্যাচের ৩৬তম মিনিটে মাঠের বামদিক থেকে আক্রমণ শানায় সিঙ্গাপুর। তাদের ক্রসে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন স্টেয়ার্ট, যা সরাসরি বাংলাদেশের জালে জড়ায়। এসময় গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ অনেকটা নিরব দর্শকের ভূমিকায় ছিলেন। বিরতি থেকে ফিরে এসে গোল পরিশোধের জন্য তীব্র প্রচেষ্টা চালায় বাংলাদেশ, কিন্তু সিঙ্গাপুরের রক্ষণভাগের দেয়াল ভাঙা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত এক গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জামালদের।