১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

দীর্ঘ ১৭ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কর্তৃক প্রকাশিত ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি অনুযায়ী, ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দুই দল একমাত্র টেস্টে মুখোমুখি হবে। ম্যাচটি ২০২৭ সালের ২৮ মে শুরু হয়ে ১ জুন পর্যন্ত চলবে।

২০১০ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এই সূচি ঘোষণার পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, "বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।"

পুরুষ দলের পাশাপাশি ২০২৭ সালে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফরে যাবে। তারা সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।

পুরুষ দলের একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লর্ডসে। অন্যদিকে নারী দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর নর্থ্যাম্পটনে, ১০ সেপ্টেম্বর টনটনে এবং ১২ সেপ্টেম্বর উরচেস্টারে। ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর হোভে, ২১ সেপ্টেম্বর ক্যান্টারবুরিতে এবং ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে।