দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা 'এ' দলকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ 'এ' দল। প্রথম ম্যাচ মাত্র ১১ ওভার হওয়ার পর পরিত্যক্ত হয়েছিল এবং দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি। ফলে তৃতীয় ম্যাচটিই সিরিজের ভাগ্য নির্ধারণী লড়াইয়ে পরিণত হয়।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা 'এ' দল। রিশাদ হোসেন ৪৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন আলিস আল ইসলাম, যিনি ৩৫ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন। এছাড়া বাংলাদেশের আরও তিন বোলার একটি করে উইকেট শিকার করেন। স্বাগতিকদের পক্ষে মার্কুয়েস অ্যাকেরম্যান ৫৪ এবং ইমরান মানাক ৪৩ রান করলেও পুরো দল শেষ পর্যন্ত ১৮২ রানে গুটিয়ে যায়। রিভালদো মুনসামি, সিনেথেম্বা, ম্যাথিউ ডি ভিলিয়ার্স, মিহলাই এবং ডিয়ান ফরেস্টাররা দ্রুত আউট হয়ে সাজঘরে ফিরলে সফরকারীরা চাপে পড়ে যায়।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই জয়ের পথে এগিয়ে ছিল। উদ্বোধনী জুটিতে সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম শেখ ৯২ রান যোগ করেন। সাইফ ৫৩ বলে ৬১ এবং নাঈম ৭৭ বলে ৬০ রান করেন। এরপর পারভেজ হোসেন ইমন ১৭, নুরুল হাসান সোহান ১৬ এবং মোহাম্মদ সাইফ উদ্দিন ৩ রান করে আউট হলেও জয়ের পথে কোনো বাধা আসেনি। শেষ দিকে আফিফ হোসেন ৬ রানে এবং রিশাদ হোসেন ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এবং দলের জয় নিশ্চিত করেন।

