বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই হাইভোল্টেজ শিরোপা নির্ধারণী ম্যাচে দুদলই তাদের চিরচেনা প্রথাগত হোম কিট পরে মাঠে নামবে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, লিওনেল স্কালোনির দল এই ম্যাচে তাদের ঐতিহ্যবাহী সাদা-আকাশি ডোরাকাটা জার্সি, সাদা শর্টস এবং সাদা মোজা পরে খেলবে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নীল রঙের অ্যাওয়ে জার্সি ব্যবহার করলেও ফাইনালের জন্য তারা নিজেদের চেনা রূপেই ফিরছে।
চলতি বিশ্বকাপে আলজেরিয়া, কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে এই সাদা-আকাশি কিট পরেই খেলেছে আলবিসেলেস্তেরা। যদিও গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে নীল মোজা এবং জর্ডান ও ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাওয়ে কিট ব্যবহার করেছিল দলটি। সমর্থকদের বিশ্বাস, ঐতিহ্যবাহী এই হোম কিটটি আর্জেন্টিনার জন্য বরাবরের মতোই সৌভাগ্যের প্রতীক বা ‘লাকি’ কিট হিসেবে কাজ করবে।
খেলোয়াড়দের পাশাপাশি গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের জার্সি নিয়েও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। ফাইনালে তিনি সম্পূর্ণ সবুজ রঙের কিট পরে গোলপোস্ট সামলাবেন। কাকতালীয়ভাবে, ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা এবং ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও মার্টিনেজ এই সবুজ কিট পরেই খেলেছিলেন এবং তিনবারই আর্জেন্টিনা শিরোপা জিতেছিল। ফলে ভক্তদের কাছে এটিও এখন অন্যতম এক ‘লাকি’ কিট হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, প্রতিপক্ষ স্পেনও ফাইনালে তাদের বিকল্প জার্সি ছেড়ে ঐতিহ্যবাহী মূল কিটে ফিরছে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরলেও, আর্জেন্টিনার বিপক্ষে তারা মাঠে নামবে চিরচেনা লাল জার্সি, নীল হাতা ও হলুদ নকশার হোম কিট পরে। মেটলাইফ স্টেডিয়ামের এই ফাইনালে উভয় দলই তাদের চেনা রঙে মাঠে নামার প্রস্তুতি নিয়েছে, আর বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টিনা ভক্তের প্রার্থনা—এই ‘লাকি’ জার্সি গায়ে জড়িয়েই যেন লিওনেল মেসি ও তার দল আরও একবার বিশ্বজয়ের উল্লাসে মাতেন।

