সপ্তাহের শ্রেষ্ঠ দিনগুলোর একটি হলো জুমার দিন। এই দিনটিতে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া ও বিশেষ করে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠের অশেষ গুরুত্ব রয়েছে। মুমিনের ভালোবাসা ও আনুগত্য প্রকাশের অন্যতম মাধ্যম হলো নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। খোদ রাসুলুল্লাহ (সা.) জুমার দিনে দরুদ পড়ার নির্দেশ দিয়ে বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন, সুতরাং তোমরা এ দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। সাহাবিরা যখন জানতে চেয়েছিলেন কীভাবে তাদের দরুদ নবীজির কাছে পৌঁছাবে, তখন তিনি জানান যে আল্লাহ তাআলা নবীদের দেহ মাটির জন্য হারাম করে দিয়েছেন।
দরুদ পাঠের অর্থ হলো মহানবী (সা.)-এর প্রতি আল্লাহর রহমত, শান্তি ও বরকত কামনা করা। মুসলমানরা বিভিন্ন সহিহ দরুদ পাঠ করেন, যার মধ্যে নামাজের শেষ বৈঠকে পঠিত দরুদে ইবরাহিম বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সহজভাবে একটি দরুদ হলো: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিওঁ ওয়া আলা আ-লি মুহাম্মাদ। এর অর্থ হলো, হে আল্লাহ, হযরত মোহাম্মদ (সা.) ও তার পরিবার-পরিজনের ওপর রহমত বর্ষণ করুন। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি নবীজির ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার ওপর দশবার রহমত নাজিল করেন। এটি একজন মুমিনের জন্য স্বল্প সময়ে আল্লাহর রহমত লাভের এক অনন্য সুযোগ। এছাড়া কিয়ামতের দিন নবীজির সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হবেন তিনিই, যিনি দুনিয়াতে তার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছেন। দোয়া কবুলের আদব হিসেবেও দোয়া শুরুর আগে ও শেষে দরুদ পাঠ করা অত্যন্ত কার্যকর ও উত্তম।
জুমার দিনে নির্দিষ্ট কোনো সংখ্যা বাধ্যতামূলক না থাকলেও আন্তরিকতার সঙ্গে দরুদ পাঠ করা জরুরি। ফজরের পর, কাজের ফাঁকে, মসজিদে যাওয়ার পথে, দোয়া করার আগে-পরে এবং রাতে ঘুমানোর আগে দরুদ পাঠের অভ্যাস করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, দরুদ শুধু মুখের উচ্চারণ নয়, এর সঙ্গে নবীজির সুন্নাহ অনুসরণের সম্পর্ক রয়েছে। একজন মুসলমানের জীবনে নবীজির আদর্শ—যেমন সত্যবাদিতা, আমানতদারি, মানুষের প্রতি দয়া, প্রতিবেশীর অধিকার রক্ষা, অন্যায় থেকে বিরত থাকা ও সুন্দর আচরণের প্রতিফলন থাকা আবশ্যক।
জুমার দিনে দরুদ পাঠের পাশাপাশি কোরআন তিলাওয়াত, জিকির, তওবা, ইস্তিগফার এবং সূরা কাহফ পাঠ করাও বিশেষ ফজিলতপূর্ণ। জুমার নামাজের সময় খুতবা মনোযোগ দিয়ে শোনা এবং দিনের শেষভাগসহ বিভিন্ন সময়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত, কারণ এ দিনে দোয়া কবুলের বিশেষ সুযোগ রয়েছে। জুমা কেবল একটি সাপ্তাহিক নামাজের দিন নয়, এটি ইবাদত ও আত্মশুদ্ধিরও একটি বিশেষ সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ এবং তার আদর্শ অনুসরণের তাওফিক দান করুন।

