জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, আগামী বছর রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)। তবে এই তারিখটি সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই চূড়ান্ত ঘোষণায় পরিবর্তন আসার সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের ১ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রতি বছর ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের রমজান চলতি বছরের তুলনায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাবমতে, ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে সেই রাত থেকেই তারাবির নামাজ শুরু হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন।
রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে, যা মাসের শেষ দিনে চাঁদ দেখার ওপর নির্ভর করে। রমজান শেষ হওয়ার পর শাওয়ালের চাঁদ দেখা গেলে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে। যদিও জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে এই তারিখগুলো আগেভাগেই নির্ধারণ করা সম্ভব, তবে ইসলামী রীতি অনুযায়ী রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার ওপরই নির্ভর করবে।

