পবিত্র কোরআনের আলোকে মুমিনের সাফল্যের সাতটি বিশেষ গুণ

পবিত্র কোরআনের সুরা হুজরাতের ১৫ নম্বর আয়াতে আল্লাহতায়ালা মুমিনের পরিচয় বর্ণনা করে ইরশাদ করেন, 'মোমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসুলের ওপর বিশ্বাস স্থাপন করেছে। অতঃপর তাতে কোনো ধরনের সন্দেহ পোষণ করেনি। আর তাদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে। প্রকৃতপক্ষে তারাই হলো সত্যনিষ্ঠ।' এছাড়া সুরা মুমিনুনের ১ থেকে ১১ নম্বর আয়াতে আল্লাহতায়ালা মুমিনের সাতটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যা তাদের জান্নাতুল ফিরদাউসের মিরাস বা উত্তরাধিকারী করে তুলবে।

মুমিনের প্রথম বৈশিষ্ট্য হলো নামাজে 'খুশু' বা আন্তরিক বিনয় অবলম্বন করা। নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং মুমিনের চক্ষু-শীতলতা ও আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। রাসুল (সা.) এরশাদ করেন, 'নামাজে রাখা হয়েছে আমার চোখের শীতলতা।' (নাসায়ি : ৩৯৪০)। দ্বিতীয়ত, মোমিনরা অহেতুক ও অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। হাদিস শরিফে এসেছে, 'সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হলো, অর্থহীন কাজ ত্যাগ করা।' (তিরমিজি : ২৩১৮)।

তৃতীয়ত, মোমিন জাকাত আদায় করে। জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ঈমানের অপরিহার্য দাবি হলো জাকাত ফরজ হলে তা আদায় করা। জাকাত আদায় না করার ব্যাপারে কোরআন ও হাদিসে কঠিন হুঁশিয়ারি এসেছে। আল্লাহতায়ালা এরশাদ করেন, 'যারা সোনা-রুপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও। যেদিন সে ধন-সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, তারপর তা দ্বারা তাদের কপাল, পাঁজর ও পিঠে দাগ দেওয়া হবে।' (সুরা তাওবা : ৩৪-৩৫)।

চতুর্থত, মোমিন তার লজ্জাস্থানের হেফাজত করে। নিজের চাহিদা পূরণের জন্য সে কোনো অবৈধ পন্থা অবলম্বন করে না। নিজের স্ত্রী ও শরিয়তসম্মত দাসী ছাড়া অন্য কারও সঙ্গে তার চাহিদা পূরণ করে না। আল্লাহ বলেন, 'মোমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য শুদ্ধতর।' (সুরা নুর : ৩০-৩১)। পঞ্চম বৈশিষ্ট্য হলো আমানতের হেফাজত করা। আল্লাহতায়ালা ইরশাদ করেন, 'নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করছেন যে তোমরা আমানত তার হকদারকে আদায় করে দেবে।' (সুরা নিসা : ৫৮)।

ষষ্ঠত, মোমিন অঙ্গীকার পূর্ণ করে। দ্বিপক্ষীয় চুক্তি বা একতরফা ওয়াদা পূর্ণ করা ইসলামি আইনে জরুরি ও ওয়াজিব। আল্লাহতায়ালা বলেন, 'আর অঙ্গীকার পূরণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।' (সুরা বনি ইসরাইল : ৩৪)। সবশেষে, মোমিন নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। এর অর্থ হলো যথাযথভাবে সময়মতো জামাতের সঙ্গে নামাজ আদায় করা এবং সব শর্ত, আদব ও নিয়মাবলি রক্ষা করে সুন্দর ও সুচারুরূপে নামাজ সম্পন্ন করা। (তাফসিরে কাবির : ২৩/২৬৩)।

মোমিনের পরিচয় বর্ণনা করে আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, 'মোমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসুলের ওপর বিশ্বাস স্থাপন করেছে। অতঃপর তাতে কোনো ধরনের সন্দেহ পোষণ করেনি। আর তাদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে। প্রকৃতপক্ষে তারাই হলো সত্যনিষ্ঠ।' (সুরা হুজরাত : ১৫)। আরও এরশাদ হয়েছে, 'নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মোমিনরা, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত। যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। যারা জাকাত সম্পাদনকারী। যারা নিজ লজ্জাস্থান সংরক্ষণ করে; নিজেদের স্ত্রী ও মালিকানাধীন দাসীদের (দাস প্রথা বর্তমানে রহিত) ছাড়া অন্য সবার থেকে। কেননা এতে তারা নিন্দনীয় হবে না। তবে কেউ এ ছাড়া অন্য কিছু কামনা করলে তারাই হবে সীমা লঙ্ঘনকারী এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। এরাই হলো সেই ওয়ারিশ, যারা জান্নাতুল ফিরদাউসের মিরাস লাভ করবে। তারা তাতে সর্বদা থাকবে।' (সুরা মুমিনুন : ১-১১)।