শিক্ষার কোনো নির্দিষ্ট বয়স নেই—এই চিরন্তন সত্যটি আবারও প্রমাণ করলেন তা'মীরুল উম্মাহ হিফজুল কুরআন মাদরাসার চেয়ারম্যান হাফেজ নাছরুল্লাহ। কুরআন শিক্ষার ক্ষেত্রে নিজের অদম্য ইচ্ছা ও দক্ষতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে তিনি মিসর থেকে আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জন করেছেন।
সম্প্রতি মিসর সফরকালে তিনি বিশিষ্ট আলিমে দ্বীন ড. শোয়াইব আল-আজহারী (হাফিঃ)-কে পবিত্র কুরআনের খতম শোনান। তিনি সম্পূর্ণ 'রেওয়ায়েতে হাফস আন আছেম' নিয়মে এই খতম সম্পন্ন করেন, যার পরিপ্রেক্ষিতে তাঁকে সম্মানজনক 'মুত্তাছিল সনদ' প্রদান করা হয়।
মিসরে আয়োজিত এই ঐতিহাসিক সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য ক্বারী শায়েখ আব্দুল লতিফ ওয়াহদান এবং ঐতিহ্যবাহী আল-আজহার ইউনিভার্সিটির দুজন সম্মানিত প্রফেসর। এই গৌরবময় মুহূর্তে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন এবং তাঁরা হাফেজ নাছরুল্লাহকে উষ্ণ অভিবাদন জানান।

