ফেসবুকে ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার নতুন উদ্যোগ

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি ও ভিডিওর মাধ্যমে গুজব ছড়ানোর প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। এর ফলে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যন্ত নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছে। এই জটিলতা নিরসনে এবং প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করতে ফেসবুক এখন একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এনগ্যাজেটের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মেটা কর্তৃপক্ষ সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ প্রদানের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে।

মেটা স্পষ্ট করেছে যে, এই নতুন উদ্যোগটি তাদের চলমান সাবস্ক্রিপশনভিত্তিক মেটা ভেরিফায়েড সার্ভিস থেকে সম্পূর্ণ আলাদা। এই ফ্রি ব্যাজটি মূলত ব্যবহারকারী একজন প্রকৃত মানুষ কি না, তা নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি পাওয়ার জন্য ব্যবহারকারীকে সেলফি ভিডিও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভিডিওর মাধ্যমে ব্যবহারকারীর অ্যাকাউন্টের ছবির সঙ্গে মিল রেখে তার পরিচয় নিশ্চিত করা হবে।

এই ব্যাজ পাওয়ার জন্য ফেসবুক কিছু নির্দিষ্ট শর্ত নির্ধারণ করেছে। ব্যবহারকারীকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে এবং অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সচল থাকতে হবে। এছাড়া কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ, ভুয়া পরিচয় বা প্রতারণার রেকর্ড থাকা যাবে না। পরিচয় যাচাই সফল হলে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিংয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই ব্যাজ প্রদর্শিত হবে।

তবে মেটা কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে যে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার চূড়ান্ত নিশ্চয়তা দেয় না; এটি কেবল পরিচয় যাচাইয়ের একটি মাধ্যম। অনলাইন লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে ব্যবহারকারীদের সবসময় সচেতন থাকতে হবে। এই পরিষেবাটি ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করা হবে, যদিও কোন দেশ থেকে এটি প্রথম শুরু হবে তা এখনো নির্ধারিত হয়নি।