চীনের সাংহাইতে শুরু হয়েছে চার দিনব্যাপী বৈশ্বিক সম্মেলন ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি) ২০২৬’। ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত চলমান এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী আয়োজনে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীসহ জাতিসংঘের মহাসচিব উপস্থিত থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল বিকাশ ও এর গভর্ন্যান্সে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতি প্রণেতা, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক এবং শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সম্মেলনে একত্রিত হয়েছেন। সম্মেলনের মূল আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, এআই গভর্ন্যান্স, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়নের নানা দিক।
সম্মেলন চলাকালীন মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সাথে আলোচনার মাধ্যমে তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের বর্তমান অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়েও তিনি আলোচনা করবেন বলে জানা গেছে। আয়োজকদের মতে, ডব্লিউএআইসি ২০২৬-এ বাংলাদেশের এই অংশগ্রহণ একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবন-নির্ভর এবং ডিজিটালভাবে ক্ষমতাপ্রাপ্ত জাতি গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।

