বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ অক্টোবর। ঠাকুরগাঁও-১ আসনের এই উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রুহুল কবির রিজভী। তিনি জানান, দলের স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করবে এবং ওই সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।
দলীয় সময়সূচি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর ১৬ সেপ্টেম্বর তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

