মোদি বাসভবনের সামনে আটক রাহুল, রক্তাক্ত অবস্থায় সরানো হলো বাসে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভরত অবস্থায় দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। দলীয় সূত্রে জানা গেছে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিটে পুলিশ বিক্ষোভস্থল খালি করে দেয় এবং রাহুল গান্ধীকে জোরপূর্বক একটি বাসে তুলে নিয়ে যায়।

বিক্ষোভের সময় রাহুল গান্ধী রাস্তার ওপর বসে অবস্থান করছিলেন। এসময় অন্তত ১০ জন পুলিশ সদস্য তাকে ঘিরে ফেলেন। তিনি সরে যেতে অস্বীকৃতি জানালে তাকে জোর করে সরিয়ে নেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আটকের সময় রাহুলের নাকে রক্ত দেখা গেছে। তবে তিনি কীভাবে রক্তাক্ত হলেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। আটকের পর বাসের ভেতর থেকে রাহুল গান্ধী মিডিয়াকে বলেন, ভারতে এখন গণতন্ত্রের অবক্ষয় ঘটছে।

একই অভিযানে দিল্লি পুলিশ প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ আরও অনেক বিরোধী নেতাকে আটক করে সেখান থেকে সরিয়ে নিয়েছে। এর আগে সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বা ‘তেলাপোকা’ আন্দোলন সংসদ অভিমুখে বিক্ষোভ প্রদর্শন করেছিল।

বিক্ষোভস্থল থেকে সরিয়ে নেয়ার আগে রাহুল গান্ধী তার সমর্থকদের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় যোগ দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী মোদি মনে করেন, কোনো জবাবদিহি বা পরিণতি ছাড়াই তিনি পার পেয়ে যাবেন, কিন্তু এবার তা হবে না। শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবি উপেক্ষা করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।