দিল্লিতে আয়োজিত এক কনফারেন্সে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে প্রকারান্তরে ভারত সরকারের ভাষ্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। ইনকিলাব মঞ্চ আয়োজিত বৃহস্পতিবারের এক সভায় তিনি বলেন, ফ্যাসিবাদের দোসর ও গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে আশ্রিত রয়েছেন এবং সেখান থেকেই প্রেস কনফারেন্স করেছেন। তার ও আওয়ামী লীগের বর্তমান অবস্থান কেবল তাদের নিজেদের নয়, বরং তা ভারত সরকারেরই বক্তব্য বলে তিনি মনে করেন।
নাহিদ ইসলাম এ সময় ভারতের সেভেন সিস্টার্সের কোনো স্বাধীনতাকামী সংগঠনের ঢাকায় প্রেস কনফারেন্সের উদাহরণ টেনে বলেন, যদি এমনটি ঘটত এবং বাংলাদেশ সরকার বলত যে তারা এর দায়ভার নেবে না বা বিষয়টি সম্পর্কে জানে না, তবে বিশ্ব তা বিশ্বাস করত না। তাই দিল্লির এই প্রেস কনফারেন্স ভারত সরকারের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সমর্থন ছাড়া হওয়া অসম্ভব বলে তিনি দাবি করেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিরূপণ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর করা উচিত হবে না বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত না করে কোনো সফর করা যৌক্তিক হবে না বলে তিনি মনে করেন।
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওসমান হাদির খুনিদের এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনার কথা জানিয়েছিলেন। তবে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে এ বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ভারত বাংলাদেশকে কীভাবে দেখবে তা আমাদের জানা থাকলেও, বর্তমান সরকার কী পদক্ষেপ নেবে এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা তা কীভাবে মোকাবিলা করব, সেই ঐক্যের জায়গাটি আমাদেরই খুঁজে বের করতে হবে।

